প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র
সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতারা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কাছ থেকে এ
মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক
বখতিয়ার আহমেদ কচি মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির
সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা
উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার
আহমেদ কচি বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের
প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই মহিয়সী নারী দিনাজপুর
সদর–৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন—এটি আমাদের জন্য অত্যন্ত
গৌরবের এবং আনন্দের বিষয়।’
এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন,
‘আমাদের প্রত্যাশা—আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
খালেদা জিয়ার জন্য এটি হয়তো জীবনের শেষ নির্বাচন। সেই বিবেচনায় আপনারা
যেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসেন। আমরা বিশ্বাস
করি, আপনারা তা-ই করবেন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মুক্তিনিউজ২৪